জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বুধবার ইতিহাস গড়লেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের প্রায় দেড় শ বছরের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে ৮টি ডিসমিসাল করেছেন তিনি। তবে তাঁর এই কীর্তির দিনেও ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে আগেই ছয়টি ক্যাচ নিয়েছিলেন লিটন। চতুর্থ দিন সকালে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পড করে সংখ্যাটা আটে তোলেন তিনি। মেহেদী হাসান মিরাজের বলে রাবাদাকে স্টাম্পিং করেই রেকর্ডটি নিজের করে নেন। এর আগে এক ইনিংসে ৭টি ডিসমিসালের রেকর্ড যৌথভাবে ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলরসহ পাঁচ উইকেটকিপারের। ১৯৭৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ৭ ডিসমিসাল করেছিলেন ওয়াসিম বারি। ফলে ৪৭ বছরের পুরোনো রেকর্ড এখন লিটনের একার।
এই টেস্টে লিটনের কীর্তি দুই দিকেই। প্রথম ইনিংসে ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি। এক টেস্টে সেঞ্চুরি ও এক ইনিংসে ৮ ডিসমিসাল—এমন কীর্তি আর কোনো উইকেটকিপারের নেই। যদিও দ্বিতীয় দিনে শূন্য রানে রিকেলটনের ক্যাচ ফেলার আক্ষেপটা থেকেই যাচ্ছে।
ম্যাচের চিত্রে অবশ্য স্বস্তি নেই। লিটন ও তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। জবাবে রিকেলটনের সেঞ্চুরি (১০২) ও রাবাদার ক্যারিয়ার সেরা ৭২ রানে ভর করে ৫৫৭ রানে থামে প্রোটিয়ারা। তৃতীয় দিনের শেষ দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিন সকালে আরও ১৭১ রান যোগ করে তারা। চোট নিয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা পরে ফিরে ৬৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুর ফাঁড়া কাটিয়ে বিনা উইকেটে ১১ রান তুলেছেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান। বাংলাদেশ এখনো ১৪৬ রানে পিছিয়ে। ম্যাচ বাঁচাতে এখন ব্যাটসম্যানদের লম্বা সময় উইকেটে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team